প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম (ভিজিট : ৩২)

X
খুলনার প্রবেশদ্বার হিসেবে পরিচিত গল্লামারী ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এই পরিস্থিতির প্রতিবাদে “বৃহত্তর আমরা খুলনাবাসী” এর উদ্যোগে বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য ব্রিজ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন ও সিরাজ উদ্দিন সেন্টুর পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা জানান, প্রায় দুই বছর ধরে ব্রিজ নির্মাণ অচল পড়ে থাকায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বাড়ে। এই ব্রিজ দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুল্যান্সসহ অন্তত ১০ জেলার যানবাহন চলাচল করে, ফলে এর গুরুত্ব অপরিসীম।
তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ব্রিজ নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে মানববন্ধন, প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি গত ২০ এপ্রিল সড়ক ভবন ও রাস্তা অবরোধের পর কর্তৃপক্ষ ৩০ আগস্টের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিয়েছিল, কিন্তু তিন দফা সময় বাড়ানোর পরও কাজ শুরু হয়নি।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্মাণের দৃশ্যমান অগ্রগতি না হলে খুলনাকে সম্পূর্ণ অচল করার কঠোর আন্দোলনে নামা হবে।
সভায় জামায়াত, সিপিবি, ইসলামী আন্দোলন, বিএনপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।