প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম (ভিজিট : ৩২)

X
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী এলাকায় সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে নিহত অটোচালক মাজাহারুল ইসলাম (৫৫) হত্যার ঘটনায় মামলা হলেও ঘটনার ৪ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও এজাহারভুক্ত আসামীরা ধরা ছোঁয়ার বাইরে।
পুলিশ ইচ্ছে করেই আসামীদেরকে গ্রেফতার করছেনা বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছে। গত ২৯ জুলাই বিকেল ৫ টার দিকে নিজ ভাই ভাতিজাদের সাথে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের মারপিটে মাজাহারুল ইসলাম নিহত হন।
এ ব্যাপারে নিহতের স্ত্রী মোসাঃ সাহেরা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ পূর্বক আসামী করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, মাজাহারুল গংদের সাথে নারান্দী এলাকায় অবস্থিত একটি সম্পত্তি নিয়ে তৃতীয় পক্ষের সাথে দ্বন্দ্ব ও মামলা মোকদ্দমা চলছিল।
এ মামলা পরিচালনার জন্য নিহতের ছেলে তরিকুল ইসলাম সকল ওয়ারিশদের সম্মতিতে ব্র্যাক অফিস থেকে ৮০ হাজার টাকা ঋণ তুলে মামলা পরিচালনা করে। পরে মামলায় উক্ত সম্পত্তি মাজাহারুল গং রায় পেলে ব্র্যাক অফিসের টাকা পরিশোধ না করে মাজাহারুলের সহ শরীক হানিফা, বকুল, নুরুল ইসলাম ভান্ডারী গং মাজাহারুল ইসলামের ভাগের সম্পত্তি না দিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়।
ঘটনার দিন ২৯ জুলাই বিকেলে ব্র্যাক কর্মী কিস্তির টাকার জন্য মাজাহারুলের বাড়ীতে গেলে মাজাহরুলে স্ত্রী মোসাঃ সাহেরা খাতুন বিবাদীদের কাছ থেকে কিস্তির টাকা নিতে ব্র্যাক কর্মীকে বলেন।
এ নিয়ে বিবাদীগণের সাথে মাজাহারুলের স্ত্রীর কথা কাটাকাটি হলে এতে স্ত্রীর পক্ষে কথা বলেন অটো চালক মাজাহারুল। ওই সময় হানিফা গং মাজাহারুলসহ তার পরিবারের সবাইকে মারপিটে আহত করে। মূমুর্ষূ অবস্থায় মাজাহারুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আপন কুমার জানান, ঘটনা পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।